২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ

সিলেটে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিন কর্মকর্তাসহ ১৫ পুলিশ সদস্যও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিন কর্মকর্তাসহ ১৫ পুলিশ সদস্যও রয়েছেন। জামায়াত-শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে পাঁচ জনকে। রোববার বিকালে নগরীর জিন্দাবাজার ও চৌহাট্টা মোড়ে দুই দফায় সংঘর্ষ হয়। ওই সময় পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শুরু এবং অন্য জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বিকাল ৪টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজার এলাকায় সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়ের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। তখন মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিপেটার মুখে জামায়াত-শিবিরকর্মীরা পিছু হটে চৌহাট্টার দিকে সরে পড়ে। সেখানে তারা সমাবেশ করতে গেলে আবার পুলিশ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মিছিলকারীদের ইটে পুলিশের কয়েকজন সদস্য আহত হলে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি ফাঁকা গুলিও ছোড়ে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ইজাজ আহমদ সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবিরকর্মীদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন- উপকমিশনার মো. জলিল, সহকারী কমিশনার নাজমুল হাসান, পরিদর্শক বদরুল আমিন, কনস্টেবল মো. শাখাওয়াত প্রমুখ। জামায়াত-শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস এবং শটগান থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে উপকমিশনার ইজাজ জানিয়েছেন। জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, তাদের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন। সংঘর্ষস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া। তারা হলেন- ওবায়দুর রহমান মাসুদ, ওবায়দুল হক, শুকুর আলী, তৌহিদ আহমদ ও ওলিউর রহমান। সংঘর্ষে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ কমিশনার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.