২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিচারের বিরুদ্ধে জামায়াতের সমাবেশ

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে তিন দিন সমাবেশ করবে জামায়াতে ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে তিন দিন সমাবেশ করবে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। কর্মসূচি হলো- রোববার সব বিভাগীয় শহরে এবং ১২ ও ১৩ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায় ২০১০ সালের ৩০ জুন গ্রেপ্তার করা হয় সাঈদীকে। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজহারুল ইসলাম বলেন, "এটা দিবালোকের মত স্পষ্ট যে, ১৯৭১ সালে সাঈদী কোনো যুদ্ধাপরাধ করেননি। দেশ স্বাধীন হবার পর ৩৯ বছরে তার বিরুদ্ধে একটি জিডি বা মামলাও হয়নি কোনো থানায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮৪৪ ঘ.