রংপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে এক সময়ে এক স্থানে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ আহ্বানের ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় অন্য পক্ষের ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে জাপা নেতা মোকাম্মেল চৌধুরীর বাড়িতে প্রতিপক্ষ গ্র"পের কর্মীরা হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
বদরগঞ্জ থানার ওসি তোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে জাপা নেতা মোকাম্মেল চৌধুরীর বালুয়া ভাটা মহল্লার বাড়িতে হামলা চালিয়ে মালমাল ভাংচুর করে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের লোকজন। এ সময় তাকে না পেয়ে মোকাম্মেল চৌধুরীর ছোট ভাই সংস্কৃতিকর্মী নান্নু চৌধুরী, ভাগ্নে সেতুসহ ১০ জনকে পেটায় তারা।
বদরগঞ্জ পৌর জাপার এক অংশের নেতা আব্দুর রাজ্জাক শুক্রবার বিকালে উপজেলা সদরের জিতেন দত্ত মঞ্চে সমাবেশ ডাকেন। অন্য গ্র"পের নেতা মোকাম্মেল চৌধুরীও একই সময়ে সেখানে ডাকলে উত্তেজনা সৃষ্টি হয়।
মোকাম্মেলের ভাই নান্নু সাংবাদিকদের বলেন, "আমি জাতীয় পার্টি করি না। বাসা থেকে বের হয়ে বন্ধুর দোকানের দিকে যাওয়ার সময় আমাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।"
গত ৫ সেপ্টেম্বর জিতেন দত্ত মঞ্চে সমাবেশ করার জন্য থানায় লিখিত ভাবে জানান পৌর জাপার পক্ষ থেকে আব্দুর রাজ্জাক। তবে মোকাম্মেল চৌধুরী সমাবেশ করার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানান পুলিশ কর্মকর্তা তোবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬০১ ঘ.
bdnews24