২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে টেন্ডার নিয়ে আ'লীগের সংঘর্ষ, গ্রেপ্তার ১১

রংপুরে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

রংপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক মন্ত্রীর সহকারী একান্ত সচিবসহ (এপিএস) দলটির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের এপিএস এবং ভাগ্নে হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, রওশন হাবিব, রংপুর শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, আব্দুল কাদের এলাহী লাভলু, আশরাফুল আলম তওহীদ, সাজেদুল ইসলাম, মারুফ ইকবাল, মোহসীন আলম, মাসুদ পারভেজ, আশরাফুল ও কবীর হোসেন। রংপুরের পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর জানান, পাউবোর অধীনে ছয়টি গ্র"পের ২৪ কোটি টাকার টেন্ডার দাখিলের শেষ দিন ছিলো মঙ্গলবার। সকালে মন্ত্রীর এপিএস সাজ্জাদ, শাহীন ও তাদের লোকজন বিভিন্ন ঠিকাদারের লোকজনকে দরপত্র দাখিলে বাধা দেয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন ঠিকাদার দরপত্র দাখিল করতে এলে সাজ্জাদ ও শাহীন তাদের বাধা দিলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানান এসপি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসপি তানভীর আরো জানান, ঘটনাস্থল থেকে ১৮ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। বিকালে ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করে বাকি সাত জনকে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৩ ঘ.