২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিরোধীদল এতো চিন্তিত কেন?'

ট্রানজিটের বিষয়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেছেন তথ্য কমিশনার এবং সাবেক সচিব মোহাম্মদ জমির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 07:09 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, ০৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটের বিষয়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেছেন তথ্য কমিশনার এবং সাবেক সচিব মোহাম্মদ জমির। তিনি প্রশ্ন রেখেছেন, "ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদল এতো চিন্তিত কেন?" সোমবার জাতীয় প্রেসক্লাবে 'মনমোহন সিংয়ের ভারত সফর এবং জনগণের প্রত্যাশা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জমির বলেন, "ট্রানজিট হবে না কেন? বাংলাদেশ তো শুধু ভারতকে ট্রানজিট দিচ্ছে না, এর মধ্য দিয়ে নেপাল, ভুটানের সঙ্গেও বাংলাদেশের স্থলপথ যুক্ত হবে।" দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার এই সফরে দুটি নদীর পানি বণ্টন চুক্তিসহ বেশ কিছু প্রটোকল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ট্রানজিটের খুঁটিনাটি নিয়ে একটি রূপরেখা চুক্তিও হওয়ার কথা। ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করে বিএনপিসহ সমমনা দলগুলো বলে আসছে, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি তারা মেনে নেবে না। সরকার অস্বচ্ছভাবে কিছু করছে না দাবি করে জমির বলেন, "পোশাক শিল্পসহ অন্যান্য খাতের বিকাশের জন্য আমাদের ভারতের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমি বুঝতে পারছি না ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদল এতো চিন্তিত কেন?" আলোচনা এবং সমঝোতা ছাড়া বাংলাদেশ কিংবা ভারত কেউ অগ্রসর হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সংকট দূর করতে যৌথ নদী ব্যাবস্থাপনার ওপর গুরুত্ব দেন নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। 'ভারত-বিরোধিতা বিএনপির প্রধান এজেন্ডা'- এমন মন্তব্য করে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, "আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এমন অনেকেই রয়েছেন যারা ভারতীয় গরুর মাংস খেয়ে ভারতের শাড়ি পরে ভারত বিরোধী বক্তৃতা দেন।" ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেওয়া হচ্ছে- বিএনপির এমন অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের পাশাপাশি নেপাল, ভুটানসহ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনই দুই দেশের লক্ষ্য। বর্তমান সরকার পানি বণ্টন এবং সীমান্ত ইস্যুতে আগের সরকারগুলোর চেয়ে সফল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। অন্যদের মধ্যে জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও পিডিপির সমন্বয়ক আবুল কালাম আজাদ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন । দেশপ্রেমিক গণতান্ত্রিক জোট এ আলোচনার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/০০৪৯ ঘ.