ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বুধবার রাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসায় রাত ৮টার দিকে নেতারা বিএনপি চেয়ারপরসনের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান।
নেতাদের মধ্যে ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ।
এছাড়া বিমান বাহিনীর সাবেক প্রধান ফখরুল আজম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহসহ বিভিন্ন পেশার ব্যক্তিরাও ছিলেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, নিতাই রায় চৌধুরী প্রমুখ ওই সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২৩৩৪ ঘ.
bdnews24