২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আহম্মেদের মৃত্যুতে দায়ীদের ফাঁসি হবে'

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এম ইউ আহম্মেদের মৃত্যুর জন্য 'দায়ীদের আজ হোক বা কাল ফাঁসির আদেশ' হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এম ইউ আহম্মেদের মৃত্যুর জন্য 'দায়ীদের আজ হোক বা কাল ফাঁসির আদেশ' হবে। আহম্মেদের মৃত্যুর ঘটনায় সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে মহাসচিব খোকন বলেন, "আজ হোক বা কাল হোক, এই হত্যাকাণ্ডের বিচার হবে। আদালত থেকে দায়ীদের ফাঁসির আদেশ পাবো। যারা এই মামলা ধামাচাপা দিতে চাচ্ছেন। আইনে তারাও অপরাধী। তাদের জন্য দ্রুত বিচারে ব্যবস্থা আছে।" শুক্রবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উচ্চ আদালতে হট্টগোলের মামলার আসামী আহম্মেদের মৃত্যু হয়। কেন এএইচএম শামসুদ্দিন চৌধুরীর কোর্টে প্রতিবাদের ঝড় উঠলো- এ প্রশ্ন তুলে খোকন বলেন, "এর মূলে রয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনী। ওই আদালতের হট্টগোলের মূল সময়ে এম ইউ আদালতে ছিলেন না। তিনি পরে এসেছেন। তারপরও কেন তাকে হত্যা করা হলো?" 'সঠিক সুরতহাল' প্রতিবেদন প্রকাশের জন্যও ম্যাজিস্ট্রেটের প্রতি আহ্বান জানান তিনি। 'আহম্মেদ হত্যাকাণ্ডের' প্রতিবাদে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে আয়োজিত ওই সমাবেশে ঘোষণা দেন ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মানুষের মৃত্যু নিয়ে হাসি তামাশা না করতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "এম ইউকে লাশ করেছেন আপনারা, আর এখন বলছেন আমরা লাশের রাজনীতি করি। আপনারা মানুষের মৃত্যু নিয়ে হাসি-তামাশা করছেন। একদিন আপনাকেও মরতে হবে।" পরিবারের অনুমতি ছাড়া আহম্মেদের ময়নাতদন্তের বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, "পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিতে পারে না। তবে কোনো মামলা হলে, আদালত নির্দেশনা দিলে তখনই পারে। মামলাই নিলেন না। তাহলে ময়নাতদন্ত করলেন কেন?" এম ইউ আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ অভিযোগ করেন, "গ্রেপ্তারের পর তার গোপন অঙ্গে পুলিশ লাথি দিয়েছিলো। তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। আরো নির্যাতনের ভয়ে তিনি এসব প্রকাশ করেননি।" প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, অ্যাডভোকেট নাসির উদ্দিন অসীম, ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৮৩৮ ঘ.