ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতারি হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খেজুর পাঠিয়েছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মিডিয়া উইং এর কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরবে অবস্থানরত খালেদা জিয়ার নির্দেশে ৬০টি এতিমখানা ও মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের জন্য খেজুর দেওয়া হয়েছে।
ওমরাহ পালন শেষে বিরোধীদলীয় নেতা মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরছেন।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''খালেদা জিয়া মঙ্গলবার জেদ্দা থেকে অ্যামিরাটস এয়ারলাইন্সের বিমানে করে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। পথে দুবাইতে যাত্রাবিরতি করবেন তিনি।''
তিনি জানান, খালেদা জিয়া রোববার রাতে মক্কায় বিদায়ী তওয়াফ করেছেন। এরপর সোমবার সকালে তিনি মহানবী (স.) রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় পৌঁছেছেন। সন্ধ্যায় সফরসঙ্গীদের নিয়ে রওজা মোবারক জিয়ারত করবেন তিনি।
খালেদা গত ১৮ অগাস্ট সৌদি আরবের পথে ঢাকা ছাড়েন। গত ২২ অগাস্ট তিনি গিয়ে ওমরাহ পালন করেন।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ছোট ভাই শামীম এস্কান্দর এবং তার স্ত্রী কানিজ ফাতেমা ও দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার, প্রেসসচিব মারুফ কামাল খান, সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/১৮১০ ঘ.
bdnews24