ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে জেদ্দা রওনা হন তিনি।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরু।
যাত্রার আগে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, ''দেশ যাতে জালেম সরকারের হাত থেকে মুক্ত হয়- সেজন্য আল্লাহর কাছে দোয়া করব।''
মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সৌদি বাদশার আমন্ত্রণে বিরোধী দলীয় নেতা ওমরাহ পালন করবেন। সেখানে অবস্থানকালে তিনি রাজকীয় মেহমান হিসেবে থাকবেন।''
জেদ্দার পথে দুবাইতে যাত্রা বিরতি রয়েছে।
প্রতিবছরই রমজানের শেষ দশদিন খালেদা জিয়া সৌদি আরবে ওমরাহ পালন করেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের প্রবেশ পথের বাইরের সড়কের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, এ জেড জাহিদ হোসেন, আবদুল মান্নান, অধ্যাপক এম এ মান্নান,আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, নিতাই রায় চৌধুরী, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের বাবলু, নিলুফার ইয়াসমীন মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম, অঙ্গসংগঠনের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, মোরতাজুল করিম বাদরু, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, হাবিব উন নবী খান সোহেল, শরফত আলী সপু, শহিদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, আমিরুজ্জামান শিমুলসহ কয়েকশ' নেতা-কর্মী।
প্রেস সচিব জানান, আগামী ৩০ অগাস্ট দেশে ফিরবেন বিরোধী দলীয় নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২২৫৬ ঘ.
bdnews24