২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি এলাকায় ছাত্রলীগকর্মীদের ২টি বাস ভাংচুর

লাইনে না দাঁড়িয়ে বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগকর্মীরা দুটি বাসে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইনে না দাঁড়িয়ে বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগকর্মীরা দুটি বাসে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় নীলক্ষেতে একটি এবং বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এনে আরেকটি বাসে ভাংচুর চালায় তারা। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদের অনুসারী ও হল শাখা ছাত্রলীগের সম্পাদক জাহিদ ঢাকেশ্বরী এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে সেফটি বাসের কাউন্টারে যায়। সেখানে তিনি লাইনে না দাঁড়িয়ে বাসে ওঠার চেষ্টা করে বাসের কর্মচারী ও যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে কর্মচারী ও যাত্রীরা তার ওপর চড়াও হয়। পরে জাহিদের অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী হল থেকে পুনরায় সেখানে যায়। তখন সেখানকার লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। ওই সময় ফেরার পথে ছাত্রলীগকর্মীরা সেখান থেকে একটি বাস মল চত্বরে এনে ভাংচুর চালায়। এরপর তারা হল থেকে আরো কয়েকজন সংঘবদ্ধভাবে গিয়ে নীলক্ষেত মোড়ে আরেকটি বাসে ভাংচুর চালায়। জাহিদ বলেন, সন্ধ্যার সময় অনেক বাস দাঁড়িয়ে থাকলেও তারা আসতে চায়নি। কারণ জানতে চাইলে বাসের হেলপাররা আমার ওপর চড়াও হয়। এ বিষয়ে ঢাবি প্রক্টর কে এম সাইফুল খান বলেন, "বাসের হেলপারদের সঙ্গে দ্বন্দ্বের ফলে ছাত্ররা দুটি বাস ভাংচুর করেছে। আমরা বিষয়টি সমঝোতার চেষ্টা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১১ ঘ.