ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলের অন্যমত শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।
শনিবার হোটেল ওয়েস্টিনে রাজনীতিবিদদের জন্য এ ইফতার আয়োজন করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
ইফতার স্থলে এসে পৌঁছালে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান আন্দালিব রহমানসহ দলটির মহাসচিব শামীম আল মামুন। পরে খালেদা জিয়া আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে স্বাগত বক্তব্যে আন্দালিব রহমান শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক মুনীরসহ পাঁচ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
ইফতারের মূল টেবিলে খালেদা জিয়ার সঙ্গে পার্থ ছাড়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামারুজ্জামান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মূর্তজা প্রমুখ নেতারা বসেন।
খালেদা জিয়ার সঙ্গে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর এটি দ্বিতীয় ইফতার। গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়ার দেওয়া ইফতার পার্টিতে তিনি যোগ দেন।
মূল টেবিলে জামায়াত থাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব অতিথিদের আসনে এলডিপি'র মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ নেতাদের সঙ্গে বসে ইফতার করেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, খন্দকার মাহবুব হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সস্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সচিব আসাফ উদ্দৌলাসহ বিএনপি দলীয় সাংসদ ও কেন্দ্রীয় নেতারা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৬ ঘ.
bdnews24