আপনারা নিরপেক্ষ থাকলে আ. লীগের জন্য ভালো: কাদের
ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরপেক্ষ থাকলে আওয়ামী লীগের জন্য ভালো।
শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন "আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অতি উৎসাহী আওয়ামী লীগার হবেন না। আপনারা নিরপেক্ষ থাকলে আওয়ামী লীগের জন্য ভাল।"
যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উদ্দেশে তিনি বলেন, "অবিলম্বে জনগণের চাহিদা পূরণে মনোনিবেশ করুন। যা অগ্রাধিকার পাবে তাই আগে করতে হবে। উড়াল সেতু-পাতাল রেল এখন বন্ধ রেখে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম রাস্তা সংস্কারের উদ্যোগ এখনই নিতে হবে।"
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ৩০০ কোটি টাকা রয়েছে- বিএনপির এমন দাবি নাকচ করে দিয়ে ওবায়দুল বলেন বলেন, "বিএনপি এটা প্রমাণ করতে পারলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব। আর না পারলে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে।"
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ১৫ অগাস্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অনেক সদস্যসহ হত্যা করে একদল সেনাসদস্য। দিনটি বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/২০১৯ ঘ.
bdnews24