ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে যেসব চুক্তি হবে তার খসড়া আগেই প্রকাশের দাবি জানিয়ে বিএনপি বলছে, তা না হলে ওই সফরের সময় হরতাল দেওয়া হবে।
শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "মনমোহন সিংয়ের সফরকালে যেসব চুক্তি হবে, তার খসড়া আগেই প্রকাশের দাবি জানাচ্ছি। জনগণকে না জানিয়ে কোনো গোপন চুক্তি করা হলে প্রয়োজনে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের সময় এবং তার ঢাকা অবস্থান পর্যন্ত আমরা হরতাল দিতে বাধ্য হবো।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, "আপনি ভারতের সাপোর্টার, ভালো কথা। ভারতে গিয়ে কী কী চুক্তি করেছেন, তা আপনার সংসদে অথবা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করুন।"
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে একটি অগ্রগামীদল ঢাকায় অবস্থান করছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলা এবং তারেক রহমানের অর্থ পাচার মামলার অভিযোগপত্র গঠনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়ে সুরাহার দাবি জানিয়ে বলেন, "আমরা সমস্যার সমাধান চাই। যে চুক্তিতে দেশে স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, তা এদেশের জনগণ মেনে নিতে বাধ্য নয়।"
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ফেলানী হত্যার জন্য ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা আশা করব, ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের আগেই এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবেন।"
'ইকোনমিস্ট' প্রসঙ্গে
প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টে 'পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ' ও 'ইন দ্য নেম অফ দ্য ফাদার' শিরোনামের প্রতিবেদন সম্পর্কে গয়েশ্বর বলেন, "যা সত্যি, ইকোনোমিস্ট তাই লিখেছে। দুর্নীতির চিত্র দেশের মানুষ জানে। আপনার (প্রধানমন্ত্রী) ছেলে আমেরিকায় কত টাকা রোজগার করে সেখানে থাকেন, তা একদিন দেশের মানুষ জানতে চাইবে।"
গত ৩০ জুলাই ইকোনমিস্টে প্রকাশিত 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ' শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত, যার প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।
'পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ' প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি গতিশীল হলেও রাজনীতি চলছে উল্টো দিকে। যুদ্ধাপরাধের বিচার, সংবিধান সংশোধন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়গুলো তুলে ধরে কার্যত শেখ হাসিনা সরকারকেই এ জন্য দায়ী করেছে পত্রিকাটি।
দুর্নীতি দমন কমিশন সরকারের আজ্ঞাবহ
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) 'দোজখ' অখ্যায়িত করে গয়েশ্বর বলেন, "অবৈধ ফখরুদ্দীন-মইন ইউ আহমেদ সরকারের সময় থেকে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে রাজনীতিবিদদের হয়রানি করা হয়েছে।"
খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা মিথ্যা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "দুদুক মামলা করে সরকারের চক্রান্ত বাস্তবায়ন করবে, আর আমরা বসে বসে চীনাবাদাম খাবো, তা ভাবাটা সঠিক হবে না।"
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে জমি কেনায় আর্থিক অনিময়ের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে গত ৮ অগাস্ট এই মামলা করে দুর্নীতি দমন কমিশন।
আরেকটি মানববন্ধন
খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জিয়া পরিবারকে ভয় পায় বলে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তারা গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
ঈদের পর খালেদা জিয়ার নেতৃত্বে এই একদলীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24