২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতই হাসিনার মামলা বাতিল করেছে: কাদের

হাসিনার মামলার খবর কী- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫টি মামলাই আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালতের রায়ে বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

নোয়াখালী, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসিনার মামলার খবর কী- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫টি মামলাই আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালতের রায়ে বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে দলীয় কর্মী ও সুধী সমাবেশে কাদের বলেন, "এসব মামলার একটিও সরকার প্রত্যাহার করেনি। এখানে কারো দয়া নেই, ক্ষমতার অপব্যবহারও হয়নি।" জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত ৮ অগাস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের বঙ্গবন্ধু ট্রাস্ট মামলা প্রত্যাহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি মিথ্যা। তাকে ভয় দেখাতেই এ মামলা দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণাদি থাকা সত্ত্বেও কীভাবে সেই একই ধরনের মামলা প্রত্যাহার হলো?" এর জবাবে কাদের বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে বঙ্গবন্ধু ট্রাস্টের তুলনা করা ঠিক না। কারণ বঙ্গবন্ধু ট্রাস্ট গঠিত হয়েছে বঙ্গবন্ধু কন্যাদের নিজস্ব উদ্যোগে। এটা কারো দান বা অনুদান নয়। "দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। সুতরাং বিরোধীদলীয় নেত্রী যেন শেখ হাসিনার মতো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করেন," যোগ করেন কাদের। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, মানুষের কষ্ট লাঘব করার কথা বলে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সুতরাং 'নিজেরা কি পেয়েছি' তা বিবেচনা না করে 'জনগণকে কতোটা দিতে পেরেছি' তা বিচার করতে হবে। অন্যদের মধ্যে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান কর্মীসভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০১৩ ঘ.