খুলনা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র শিবিরের সমাবেশ থেকে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ছাত্র শিবিরের মহানগর সভাপতি সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, বিকেলে ডাকবাংলো মোড় থেকে খুলনা মহানগর ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাওয়ার হাউজ মোড়ে এসে সামাবেশ করে। সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ সংগঠনের কর্মী আবুল বাশার ও হেলাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
খুলনা থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা বিনা অনুমতিতে শহরে মিছিল করে বিশৃংঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০২০৫ ঘ.
bdnews24