ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং খালেদা জিয়া ও তারেক রহমানের 'কারামুক্তি দিবস' উপলক্ষে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা হয়।
বিএনপির ৩৩ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে ২৯ আগস্ট আলোচনা সভা এবং ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করবে বিএনপি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'কার্যত' এই দলের প্রতিষ্ঠাতা।
এছাড়া তারেক রহমানের 'কারামুক্তি দিবস' উপলক্ষে ৯ সেপ্টেম্বর আলোচনা সভা এবং খালেদা জিয়ার 'কারামুক্তি দিবস' উপলক্ষে ১১ সেপ্টেম্বর আলোচনা সভা করবে দলটি।
২০০৭ এর ১১ সেপ্টেম্বর দেশে জরুরি অবস্থা জারির পর মার্চে তারেক রহমান এবং সেপ্টেম্বরে জিয়ার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছর ৩ সেপ্টেম্বর তারেক এবং ১১ সেপ্টম্বর খালেদা জিয়া উচ্চতর আদালতের জামিনে মুক্ত হন। এরপর থেকে বিএনপি এ দুটি দিন 'কারামুক্তি দিবস' হিসেবে পালন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০০৪ ঘ.
bdnews24