ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করতেই পুলিশ বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে এক বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন।
তিনি বলেন, সাভারের আমিন বাজারে ৬ ছাত্র হত্যা, লিমনের ঘটনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের ওপর নির্মম নির্যাতন এবং নোয়াখালীতে গণপিটুনীর ঘটনা থেকে বোঝা যায় দেশের পুলিশ বাহিনীর কি অবস্থা।
এ জন্য বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতাকেই দায়ী করেন মির্জা ফখরুল।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেপ্তার ও আইনজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ হয়।
বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে মির্জা ফখরুল ও সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি মিছিল বিজয়নগরে পানির ট্যাঙ্কের কাছে গিয়ে শেষ হয়।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার আইনের শাসনকে ভূলুণ্ঠিত করে দেশকে দানবীয় ও পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সংবিধানে সংশোধনী এনে তারা মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা হরণ করছে। আবার এয়োদশ সংশোধনী বাতিল করে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়েরের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আইনের শাসন ও গণতন্ত্র বিশ্বাস করে না। তারা বিচারাঙ্গনে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা সরকারের এ ধরনের আচরণের নিন্দা জানাই।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দলের মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য রাখেন।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, হাবিবুল ইসলাম হাবিব, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, হাবিব উন নবী খান সোহেল, আবদুল মালেক, শিরিন সুলতানা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬১৯ ঘ.
bdnews24