২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ পাঁচটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 05:23 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ পাঁচটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার সকাল সোয়া ১১টায় ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অধিকতর সংশোধন (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিধিমালা, ২০১১ (প্রস্তাবিত), প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন, ২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী প্রচারণা ব্যয় (জনতহবিল) আইন, ২০১১ (প্রস্তাবিত) নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বরাবরই ইভিএমের পক্ষে দলের অবস্থান তুলে ধরেছেন। সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে সংলাপে অংশ নিচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ইসির ধারাবাহিক সংলাপের শেষ পর্যায়ে এ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও নিবন্ধিত ৩০টি দল অংশ নিয়েছে। গত ৭ জুন থেকে এ ধারাবাহিক সংলাপ শুরু হয়। তবে প্রধান বিরোধী দল বিএনপিকে তিন দফা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ও একজন নির্বাচন কমিশনার মোবাইল ফোনে যোগাযোগ করে আমন্ত্রণ দিলেও তাতে অংশ নেয়নি তারা। সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টাপরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রহমত আলী, ড. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা আবদুল মতিন খসরু, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন, সহ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন রয়েছেন সংলাপে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, পরিকল্পনা অনুযায়ী দলগুলোর মতামত যাচাই করে নির্বাচনী আইনে (গণপ্রতিনিধিত্ব আদেশ) আরো সংস্কার, সীমানা নির্ধারন আইন ও বিধিমালা, জন তহবিল আইন ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতির বিষয়ে ইসি সরকারের কাছে প্রস্তাবগুলো পাঠাবে। সরকারই এ বিষয়ে আইন প্রণয়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দল মত দিতে চাইলে ৭ আগস্টের মধ্যে জানাতে পারে বলে সিইসি জানান। তবে শনিবার পর্যন্ত এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১১৮ ঘ.