২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্যামনগর প্রেসক্লাব দখল করেছে আ. লীগ সমর্থকরা'

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব আওয়ামী লীগ সমর্থকরা দখল করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সাতক্ষীরা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব আওয়ামী লীগ সমর্থকরা দখল করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, তাদের দলের নাম ব্যবহার করে কিছু দুর্বৃত্ত এ কাজ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রেসক্লাব থেকে উপস্থিত সাংবাদিকদের বের করে দিয়ে তালা লাগায় তারা। শুক্রবার আবার দখলকারীরা নিজেদের পরিচিত কয়েকজন 'সাংবাদিকের' কাছে চাবি জমা দেয়। তবে এতে সাধারণ সাংবাদিকরা প্রেসক্লাবে ঢুকতে পারছেন না। শনিবার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সাবেক সভাপতি আকবর কবির, সম্পাদক জাহিদ সুমনসহ বেশ কয়েকজন সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবে বিষয়টি জানান। সামিউল মনির সাংবাদিকদের জানান, গত ২৮ জুলাই শ্যামনগর ডাকঘরের সাইনবোর্ড ফেলে দিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ড তুলে দেয় কিছু যুবক। এ কারণে এক সপ্তাহ'র মতো এই ডাকঘরের কার্যক্রম প্রায় বন্ধ থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ডাকঘর থেকে আওয়ামী লীগের সাইনবোর্ড সরিয়ে পোস্টমাস্টারকে তার অফিস কক্ষ বুঝিয়ে দেন। এর জেরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেনিন, গোলাম মোস্তফা মুকুল, যুবলীগ সভাপতি আব্দুল কাদের, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান, যুবলীগ নেতা আবু জাহেদসহ আরো কয়েকজন কিছু সন্ত্রাসীকে নিয়ে প্রেসক্লাব দখল করে বলে সামিউল মনির দাবি করেন। তিনি সাংবাদিকদের আরো জানান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য একে ফজলুল হকসহ কয়েকজন নেতা বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন। তারা ঘটনার সঙ্গে আওয়ামী লীগ নামধারী কিছু সন্ত্রাসী জড়িত বলেও উল্লেখ করেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, তিনি সাংবাদিকদের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছেন। দখলকারীদের হুমকির মুখে আতঙ্কিত সাংবাদিকরা যাতে প্রেসক্লাবে ঢুকতে পারেন তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩১৮ ঘ.