ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে বর্তমান সরকার সংবিধান 'ছুড়ে ফেলেছে' বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ।
শনিবার এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে বর্তমান সরকার শুধু সংবিধান ছুড়ে ফেলেনি, কবরও দিয়েছে প্রচলিত সংবিধানকে। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতাদের আগে বিচার হওয়া উচিত।"
বিএনপিদলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে সংসদ ভবন এলাকায় দলীয় মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সংবিধান নিয়ে ফজলুল হক আমিনীর কটূক্তি বিষয়ে হাইকোর্টে শুনানিতে হট্টগোলের মামলায় পাপিয়াকে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
'সংসদ সদস্যদের মর্যাদা নেই'
পাপিয়াকে 'অহেতুক হয়রানি করতে' মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন মওদুদ আহমদ।
তিনি বলেন, "এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, সংসদ সদস্যদের কোনো মর্যাদা নেই। পাপিয়ার বিরুদ্ধে মামলা করে সরকারি দলসহ সব সদস্যদের অপমান করা হয়েছে। সংসদ যেমন মূল্যহীন হয়ে পড়েছে, আদালতও আজ মূল্যহীন।"
বিরোধী দলের চেয়ারপার্সন ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যানের সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য 'রাজনৈতিক' বলেও মন্তব্য করেন মওদুদ।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "কেউ যদি সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য দিয়ে থাকে, এই রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আদালতের রুল ইস্যু করা যদি এতোই গুরুত্বপূর্ণ হয়ে থাকে; তাহলে ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে যারা সংবিধান ছুড়ে ফেলেছিলেন, তাদেরও বিচার হওয়া উচিত।"
গত ১৩ জুলাই এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, তার দল ক্ষমতায় গেলে সংশোধিত সংবিধান ছুড়ে ফেলা হবে।
এর পরদিন আমিনী বলেন, সংশোধিত সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলা উচিত।
মওদুদ বলেন, "চতুর্থ সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৭৫ সালে সংবিধানকে ছুড়ে ফেলা হয়েছে। ওই সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে কবর দিয়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়।
"এবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের প্রচলিত সংবিধানকে শুধু ছুড়ে ফেলা হয়নি, বরং দ্বিতীয় বারের মতো কবর দেওয়া হয়েছে।"
পঞ্চদশ সংশোধনী ছুঁড়ে ফেলার 'রাজনৈতিক বক্তব্য' নিয়ে কিছু করার আগে আদালত ক্ষমতাসীনদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেবে না- প্রশ্ন করেন মওদুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/আরএ/পিডি/১৮৪৩ ঘ.
bdnews24