ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন হাইকোর্টে হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তা।
উপ পরিদর্শক এস এম জলিল বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। এতে তিনি ৯ আইনজীবীর নাম উল্লেখ করেছেন। এছাড়া 'অজ্ঞাতপরিচয়' আরো ৯-১০ জনকে আসামি করা হয়েছে।
সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ।
বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসিফা আশরাফী পাপিয়াকে গ্রেপ্তারের পর বিকাল ৪টার দিকে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনের দ্বিতীয় তলায় গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে নাজেহাল করেন।
"আমি সাদা পোশাকে ওই ভবনের দ্বিতীয় তলায় ছিলাম। হঠাৎ করে ২০/২৫ জন আইনজীবী আমার কাছে এসে বলে- 'আমাকে গ্রেপ্তার করেন'। এই বলে তারা আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে।"
এজাহারে যে ৯ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- মোহাম্মদ আলী, গোলাম মো. চৌধুরী, মির্জা আল মাহমুদ, মো. আশরাফুজ্জামান খান, এ বি এম অলিউর রহমান, মাহমুদ আরেফিন স্বপন, কামরুল ইসলাম সজল, এনামুল হোসেন গাফফার, আবদুল্লাহ আল মাহমুদ।
এদের মধ্যে গোলাম মো. চৌধুরী ও এম অলিউর রহমান ছাড়া বাকি সাত জনই আদালতে হট্টোগোল মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/০১৩৮ ঘ.
bdnews24