ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেছেন, তাকে হট্টগোলকারী আইনজীবীদের কয়েকজন নাজেহাল করেছেন।
বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে গ্রেপ্তারের পর বিকাল ৪টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তদন্তকর্মকর্তা এস এম জলিল।
তিনি বলেন, আমি ওই সময় সাদা পোশাকে ওই ভবনের দ্বিতীয় তলায় ছিলাম। হঠাৎ করে ২০/২৫ জন আইনজীবী আমার কাছে এসে বলে আমাকে গ্রেপ্তার করেন।
"এই বলে আইনজীবীরা আমাকে কিলঘুষী মারতে শুরু করে।"
আদালতে মঙ্গলবার হট্টগোল করা আইনজীবীদের অধিকাংশই সেখানে ছিলো বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা জলিল।
তিনি বলেন, এ ঘটনায় আজ রাতে (বৃহস্পতিবার) মামলা করা হবে।
সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে পুলিশ মামলা করে সেদিনই। পরদিন বিএনপিপন্থী ১৩ আইনজীবীকে কাজে বিরত থাকার নির্দেশ দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২৩৩৫ ঘ.
bdnews24