ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের চলমান ঘটনায় সরকার সতর্ক না হয়ে বিশেষ মহলের ইন্ধনে পরিস্থিতি আরো উত্তপ্ত করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "সরকার সতর্ক না হলে আমাদের শত চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি উত্তপ্ত হবে।"
"আদালতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আইনজীবীদের কঠোর হস্তে দমন করা হবে। আমি বলে দিতে চাই, কঠোর হস্তে দমনের চেষ্টা হলে কঠোর হস্তে তা প্রতিহত করা হবে।"
তিনি বলেন, "সরকারের ইঙ্গিত ছাড়া এই আদালতে কিছুই হয় না। আমরা আশা করি সরকার সমস্যা সমাধানে এগিয়ে আসবে।"
"আমরা পুরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। কিন্তু একটি বিশেষ মহল আইনজীবীদের ক্ষুব্ধ করে তুলছে। এ অবস্থায় কিছু ঘটলে তার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।"
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আইন সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে বিরোধী দল সমর্থক শীর্ষ আইনজীবীরা প্রধান বিচারপতি সঙ্গে দেখা করতে যান।
সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে পুলিশ মামলা করে সেদিনই। পরদিন বিএনপিপন্থী ১৩ আইনজীবীকে কাজে বিরত থাকার নির্দেশ দেয় হাইকোর্ট।
কর্মসূচি ঘোষণা
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চলমান ঘটনা প্রবাহ নিয়ে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সুপ্রিম কোর্টসহ সারা দেশের সব আইনজীবী সমিতিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ প্রদর্শন এবং সোমবার প্রতিবাদ সভা।
দুপুরে সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষের সামনে এক ব্রিফিংয়ে আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, হাইকোর্টের একজন বিচারপতি আঙ্গুল উঁচিয়ে বলেছেন আমি কাউকে কেয়ার করি না। ওই মন্তব্যের পরই আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
তিনি বলেন, মুফতী ফজলুল হক আমিনীর মামলায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রীর প্রসঙ্গ এনে তার দেশপ্রেম নিয়ে কটাক্ষ করা, ১৩ আইনজীবীর সনদ বাতিল এবং তাদের শাস্তি দিয়ে হাইকোর্টের একটি বেঞ্চের রুল জারির প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠক রোববার
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জানন, প্রধান বিচারপতির আহবান অনুযায়ী সমঝোতার জন্য আগামী রোববার দুই পক্ষের আইনজীবীরা আলোচনায় বসবেন।
অন্যদিকে সরকার সমর্থক অংশের অন্যতম নেতা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, সমঝোতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ ধরনের কোনো উদ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩২৪ ঘ.
bdnews24