ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি আমিনীর মামলার শুনানিতে আদালত উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে এনেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই ঘটনার রেশ ধরে ১৪ আইনজীবীর বিরুদ্ধে আদালতে হট্টগোলের মামলাটি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।
ফখরুল বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "রিট ও রুল জারি হয়েছিলো মুফতি আমিনীর বিরুদ্ধে। আদালত আদেশ দেওয়ার কথা আমিনীকে নিয়ে। অথচ তা না করে রাজনৈতিক নেতৃত্বকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন বিচারপতিদ্বয়।
"এতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে শাসক দলের অন্ধ আনুগত্যকারী কতিপয় বিচারক প্রধানমন্ত্রীর প্রতিহিংসা আদেশ আকারে বাস্তবায়ন করছেন", বলেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাসের পর গত ১৩ জুলাই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলে দেওয়া হবে।
এর পরদিন বিএনপির মিত্র দল ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেন, সংশোধিত সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে।
আমিনীর বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে আবেদন হলে তাকে তলব করা হয়। তা নিয়ে শুনানিতে আদালত খালেদার বক্তব্য তুলে ধরে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে মঙ্গলবার হাইকোর্টে হট্টগোল হয়।
এ নিয়ে বিএনপি সমর্থক ১৪ আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। অন্যদিকে তাদের আইন পেশার সনদ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।
ফখরুল বলেন, "সরকার রাজনৈতিক বিষয়গুলোকে আদালতে নিয়ে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিচারকের রায় দিয়ে যেমন সত্যকে বিকৃত করা যায় না, তেমনি দলমনা বিচারকের আদেশ দিয়ে এক জন ব্যক্তির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা যায় না।"
হট্টগোলের ঘটনায় শুধু বিএনপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে মামলা করারও সমালোচনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবির খোকন, আসাদুল করিম শাহিন, আবদুস সালাম আজাদ, শরফত আলী সপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24