২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু বিচার না পাওয়ার শঙ্কা কিবরিয়া পরিবারের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কিবরিয়া হত্যা মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক এই অর্থমন্ত্রীর স্ত্রী ও ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 06:44 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমানে যেভাবে তদন্ত হচ্ছে তাতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সুষ্ঠু বিচার পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ও ছেলে রেজা কিবরিয়া বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই আশঙ্কার কথা প্রকাশ করেন। রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ৪০ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন তারা। এ সময় অন্য কেউ সেখানে ছিলেন না। "আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, আমার বাবার হত্যা মমালার যে ধরনের তদন্ত হচ্ছে, এর ভিত্তিতে সুষ্ঠু বিচার পাওয়া যাবে না।" মামলার তদন্ত কর্মকর্তার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে রেজা বলেন, "আমরা এই তদন্তকারী কর্মকর্তার বিষয়ে সেটিসফায়েড না।" ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বপালনকারী শাহ এ এম এস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন। ওই ঘটনায় নিহত হন আরো চারজন। কিবরিয়া হত্যা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে গত ২০ জুন সম্পূরক অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপার মো. রফিকুল ইসলাম। তবে এই অভিযোগপত্রে 'আসল অপরাধীদের' আড়াল করা হয়েছে বলে ওইদিনই অভিযোগ করেন আসমা কিবরিয়া। তার ছেলে রেজা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিবরিয়া হত্যা মামলার তদন্ত হওয়া প্রয়োজন জাতিসংঘের মাধ্যমে। "লেবাননের হারিরি হত্যা মামলার তদন্ত করছে ইউনাইটেড নেশন্স। আমার বাবার কেসটাও ইউনাইটেড নেশন্স তদন্ত করতে পারে।" লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি ২০০৫ সালে এক বোমা হামলায় নিহত হন। জাতিসংঘ নিযুক্ত কর্মকর্তা ড্যানিয়েল বেলেমারের নেতৃত্বে ওই ঘটনার তদন্ত চলছে। কিবরিয়া পরিবারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেন, ওই মামলার বিষয়ে তিনি নিজে খোঁজখবর রাখছেন। রেজা বলেন, "প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, তিনি নিজে সাবেক অর্থমন্ত্রীর মামলার বিষয়টি খেয়াল রাখছেন।" "ব্যক্তিগতভাবে সময় দেওয়ার জন্য আমরা প্রধামন্ত্রীকে ধন্যবাদ জনিয়েছি," যোগ করেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিফিল ডিগ্রিধারী রেজা কিবরিয়া বর্তমানে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তা এবং পাপুয়া নিউগিনি সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি। গ্রেনেড হামলায় কিবরিয়া নিহত হওয়ার পর হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলাটির কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/জিএনএ/০০১২ ঘ.