২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িবহরে হামলার তদন্ত হওয়া উচিত: সুরঞ্জিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ ভবনে প্রচার কক্ষে বুধবার দুপুরে সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, "গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দলের [সদস্যদের] যেমন নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও দায়িত্ব বিরোধী দলের নিরাপত্তা রক্ষা করা।" "ঘটনাটি আইনের আওতায় আনা উচিত। পুলিশের যে নিষ্ক্রিয়তা ছিলো তাও অনভিপ্রেত।" রাতে জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার তদন্ত হওয়া উচিত। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত।" বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে লক্ষ্মীপুরে সোমবার হামলা হয়। লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকারীদের ফাঁসির দণ্ড রাষ্ট্রপতির মওকুফ করার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপি'র এক কর্মী সমাবেশ বক্তব্য দেওয়ার পরপর এ হামলা হয়। বুধবার ওই ঘটনার নিন্দা জানান সুরঞ্জিত। "এ ধরনের ঘটনা সরকারকে বিব্রত করে," জানিয়ে সুরঞ্জিত বলেন, "কিন্তু সরকার বা দল কেন এর দায় নেবে?" এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত এ এইচ এম বিপ্লবসহ পাঁচজন আসামীর মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ গত মাসে মওকুফ করেন রাষ্ট্রপতি। বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা। তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৭ ঘ.