২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নজরুল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন জনগণের আশা পূরণ করতে না পারলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছাড়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন জনগণের আশা পূরণ করতে না পারলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছাড়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "১৯৯৬ ও ২০০৮ সালে দুটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। তাই প্রধানমন্ত্রী যদি বলে থাকেন, ওইসব সরকারের অধীনে নির্বাচন জনগনের আশা পূরণ করেনি, তাহলে এখনই তার পদত্যাগ করে নির্বাচন দেয়া উচিত। "কারণ তিনি ওইরকম একটি সরকারের অধীনেই নির্বাচিত হয়েছেন।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে সংগঠনটির মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল হক মজনুর মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ হয়। সোমবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে তিনটি নির্বাচন হয়েছে, সেসব নির্বাচন মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারেনি। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।" শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সুষ্ঠু নির্বাচন হয় বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। নজরুল ইসলাম খান বলেন,"শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সুষ্ঠু নির্বাচন হয়- এটা সঠিক নয়। আওয়ামী লীগের আমলে একবার ১৯৭৩ সালে নির্বাচন হয়েছিলো। ওই নির্বাচনে বহু প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। "যারা করেছেন তাদের ব্যালেট বাক্স ঢাকায় এনে নিজেদের মতো করে ফল প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনের এটি নমুনা ও দৃষ্টান্ত হয়ে আছে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিসহ পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি করে নজরুল ইসলাম বলেন, "এই সংশোধনী দেশের বাম-ডান-মধ্য পন্থি কেউই সমর্থন করে না। সবাই এর বিরুদ্ধে। তাহলে সরকার কার স্বার্থ রক্ষা করার জন্য এই সংশোধনী পাস করিয়েছে।" লক্ষ্মীপুরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলারও নিন্দা জানান তিনি। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। এর মধ্যে দিয়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুব দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৪ ঘ.