ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ
সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, "এভাবে হামলা করে বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না। সরকারকে প্রতিহিংসা ও সংঘাতের পথ থেকে সরে আসতে হবে। নইলে পরিণতি শুভ হবে না।"
তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
লক্ষ্মীপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুলের গাড়ি বহরে হামলা হয় সোমবার দুপুরে।
লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকারীদের ফাঁসির দণ্ড রাষ্ট্রপতির মওকুফ করার প্রতিবাদে সোমবার দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম কমিউনিটি সেন্টারে বিএনপি'র এক কর্মী সমাবেশ বক্তব্য দেন মীর্জা ফখরুল। কর্মীসভা শেষে গাড়ি বহর নিয়ে বের হওয়ার পরপর হামলার ঘটনা ঘটে।
অলি বলেন, "আমরা আশা কবর, সরকারের বাহিনী যদি ওই হামলার সঙ্গে জড়িত না থাকে, তাহলে অবিলম্বে সরকার তাদের নিরপেক্ষতা প্রমাণের স্বার্থে হামলাকারীদের গ্রেপ্তার করবে। সরকারের পক্ষ থেকে ওই হামলার জন্য মামলার করার ব্যবস্থা নেবে।"
গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত এ এইচ এম বিপ্লবসহ পাঁচজন আসামীর মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।
বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ গত মাসে মওকুফ করেন রাষ্ট্রপতি। বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা।
তত্ত্বাবধায়ক সরকার পুনবর্হালসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েছে অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৯ ঘ.
bdnews24