২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

লক্ষ্মীপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

লক্ষ্মীপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকারীদের ফাঁসির দণ্ড রাষ্ট্রপতির মওকুফ করার প্রতিবাদে সোমবার দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম কমিউনিটি সেন্টারে বিএনপি'র এক কর্মী সমাবেশ বক্তব্য দেন মীর্জা ফখরুল। কর্মীসভা শেষে গাড়ি বহর নিয়ে বের হওয়ার পরপর এ হামলার ঘটনা ঘটে। গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত এ এইচ এম বিপ্লবসহ পাঁচজন আসামীর মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ গত মাসে মওকুফ করেন রাষ্ট্রপতি। বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা। বিএনপি'র যুগ্ম-মহাসচিব বরকত উল্যা ভুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মীসভা শেষে মহাসচিবের গাড়ি বহর সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনে যাওয়ার পথে পৌর মেয়র আবু তাহেরের বাসভবনের সামনে সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় বিএনপি'র যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান এমপি'র গাড়ি সহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তিনিজানান, এছাড়া রেডিও টুডের সাংবাদিক সাহাবুদ্দিন চৌধুরী, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক তারেক সালমান, যুবদলের কেন্দ্রীয় নেতা ছাবের আহমেদ, আজিজুর রহমান নান্নু, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা বজলুল রশিদ আবেদ, জাকারিয়া মঞ্জুসহ ১২ জন আহত হয়। তিনি হামলার ঘটনার জন্য লক্ষ্মীপুরের তাহেরকে দায়ী করেন। সদর থানার ওসি গোলাম ছরোয়ার সাংবাদিকদের জানান, বিএনপি'র মহাসচিবের গাড়ি চলে যাবার পরপর পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসে কে বা কারা হামলা চালিয়ে গাড়ির কাচ ভাঙচুর করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ হামলার ঘটনার থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে জানান ওসি। এ ব্যাপারে পৌর মেয়র আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমি এবং আমার পরিবার মেয়ের অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। কর্মী সমাবেশে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, নুরুল ইসলামের হত্যাকারীদের এ সরকার ক্ষমা করে দিয়ে সন্ত্রাসীদের উৎসাহিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২০৪২ ঘ.