ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার 'স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের বিরোধিতাকারী' ছিলো বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান প্রসঙ্গে মির্জা ফখরুলের শুক্রবার দেওয়া এক বক্তব্যের জবাবে শনিবার এ কথা বলেন প্রতিমন্ত্রী।
মির্জা ফখরুল বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন, আর জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
রাজধানীর একটি হোটেলে প্রতিমন্ত্রী হাছান সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুলের পরিবার মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের বিরোধিতা করেছিল। তাই তার এ বক্তব্য অবাক হওয়ার মতো কিছু নয়। বরং এটাই তাদের কাছে স্বাভাবিক।
তার এ বক্তব্যকে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হিসেবে অভিহিত করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে দেওয়া তার বক্তব্যে আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। বাংলাদেশের মানুষ জানেন, বঙ্গবন্ধু কীভাবে পাকিস্তানী শোষকদের বিরুদ্ধে বাংলার মানুষকে জাগিয়ে তুলেছিলেন।
"বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দেন। ২৫ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তিনি পাক-শাসকদের হাতে গ্রেপ্তার হন। তাকে পাক-শাসকরা হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুও মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। তিনি তার লাশ বাংলাদেশে ফেরৎ পাঠাতে তাদের অনুরোধ করেছিলেন, কিন্তু তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি।"
জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধু'র সরকারের 'বেতনভুক কর্মচারি' হিসেবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তিনি একজন বেতনভুক্ত কর্মচারি হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওই সময় তিনি নিয়মিত বেতন-ভাতাও নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৪৭ ঘ.
bdnews24