২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ তাদের ভোট দেবে না: ফখরুল

জনগণের ভোট পাবে না বলেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বগুড়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের ভোট পাবে না বলেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে বগুড়ায় এক জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগ জানে আগামী নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। জিয়া পরিবারের উপর 'জুলুম, নির্যাতনের' প্রতিবাদ এবং বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে এই জনসভা আয়োজন করা হয়। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। এর মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। বগুড়ার আলতাফুন নেছা খেলার মাঠে সোমবারের জনসভায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "বগুড়া থেকেই বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে তারেক রহমানকে মুক্ত করাসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হলো।" ফখরুল আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়ান ইলেভেনের সরকার ১৮টি মামলা করেছিল। ক্ষমতায় আসার পর তার এবং তার দলীয় লোকদের মামলা প্রত্যাহার করলেও খালেদা জিয়া, তারেক রহমান ও কোকোর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংসদ মোস্তফা আলী মুকুল, হাফিজুর রহমান, আব্দুল মোমিন তালুকদার খোকা, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২০০ ঘ.