২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাক স্বাধীনতা খর্ব করেছে সরকার: মির্জা ফখরুল

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার মানুষের বাক স্বাধীনতা খর্ব করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার মানুষের বাক স্বাধীনতা খর্ব করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংবিধান তছনছ করে ফেলেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ভিন্ন লেবাসে কায়েম করতে চায়। সংশোধনীতে এমনসব অনুচ্ছেদ যুক্ত করেছে, যার মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে।" অবিলম্বে এই সংশোধনী বাতিলের দাবিও পুনরুল্লেখ করেন ভারপ্রাপ্ত মহাসচিব। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম মজনুর মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। ৬ ও ৭ জুলাইয়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে পুলিশ মজনুকে গ্রেপ্তার করে। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিরোধী সমালোচনা সহ্য করতে পারে না বলে একের পর এক আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারেক রহমানকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে। রাষ্ট্রপতির পদ নিরপেক্ষ- এ কথা উল্লেখ করে তিনি বলেন, "আজ তিনি দলীয় বিবেচনায় লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যা মামলার আসামির ফাঁসির দণ্ড মওকুফ করছেন।" গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবসহ পাঁচজন আসামির মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ রাষ্ট্রপতি মওকুফ করেছেন বলে বুধবার একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। বিভিন্ন ক্ষেত্রে সরকারের 'ব্যর্থতার' সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। হামিদুর রহমান হামিদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮১১ ঘ.