ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে বৈঠকের দুই দিনের মধ্যেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পদক জাহাঙ্গীর কবির নানক রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় যান।
সেখানে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতার লীগের প্রধান কাদের সিদ্দিকীর সঙ্গে তাদের বৈঠক হয়।
এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করে কাদের সিদ্দিকীর সঙ্গে। সেদিন রাত ৯টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধিদলের সদস্যরা মোহাম্মদপুরের বাসায় পৌঁছালে কাদের সিদ্দিকী তার দলীয় প্রতীক গামছা গলায় পরিয়ে তাদের স্বাগত জানান।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন সরকার বিরোধী চলমান আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলকে সম্পৃক্ত করার অংশ হিসেবে কাদের সিদ্দিকীকেও তারা আমন্ত্রণ জানিয়েছেন। কাদের সিদ্দিকী তা গ্রহণ করেছেন।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কাদের সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে জনতা। সেই সময়ের বীরত্বপূর্ণ ভূমিকার কারণে তাকে 'বঙ্গবীর' উপাধি দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় 'বীর উত্তম' খেতাব।
কাদের সিদ্দিকী এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও পরে বেরিয়ে এসে কৃষক-শ্রমিক জনতা লীগ গঠন করেন।
বিএনপি জোটগত শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকেও সমমনা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ ও মহাজোটকে কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠকের পরদিনই কাদের সিদ্দিকীর বাসায় গেলেন দলটির নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১৭১৯ ঘ.
bdnews24