২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: সুরঞ্জিত

খালেদা জিয়াকে সংবিধান নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে সংবিধান নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, "সংবিধান ছুঁড়ে ফেলে দিলে বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকেও ছুঁড়ে ফেলা হবে।" গত ১৩ জুলাই খালেদা বলেন, আগামী সরকার পরিবর্তনের পর সংবিধানের সংশোধনী ছুঁড়ে ফেলা হবে। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য অশালীন ও অপ্রত্যাশিত। গত ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। বিএনপি শুরু থেকেই সংবিধান সংশোধনীর বিরোধিতা করে আসছিলো। গণগ্রন্থাগার সুফিয়া কামাল মিলনায়তনে শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত তিনি সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান। খালেদার বক্তব্য 'দ্বায়িত্বজ্ঞানহীন, অসৌজন্যমূলক ও রাষ্ট্রদ্রোহ' বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান ছুঁড়ে ফেলে দিলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে- উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "বিএনপি ক্ষমতায় এসে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। আবারো ক্ষমতায় এসে তাদের এই লুটপাটের রাজত্ব কায়েম করার জন্যই বিএনপি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে।" এদিকে, দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে আরেকটি আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই তার নামে অভিযোগপত্রে দেওয়া হয়েছে। "আগামীতে ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে।" তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "আইন সবার জন্য সমান। এক জন সাধারণ মানুষের জন্য যে ভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, একইভাবে তারেক রহমানের বিরুদ্ধেও তা জারি করা হয়েছে।" ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। ওই ঘটনায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তারেক বর্তমানে স্বাস্থ্য ভিসায় লন্ডনে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৩ ঘ.