২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতের বিকাশে এগিয়ে আসুন: দীপু মনি

জনবহুল আট দেশের জোট ডি-এইট'র সদস্যদের প্রতি বেসরকারি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনবহুল আট দেশের জোট ডি-এইট'র সদস্যদের প্রতি বেসরকারি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার নাইজেরিয়ার আবুজায় ডি-এইট কাউন্সিলের ১৪তম অধিবেশনে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডি-এইট'র বার্ষিক এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী দীপু মনি বলেন, ৯৭ কোটি মানুষ এবং সাড়ে ৩৮ কোটি কর্মক্ষম জনশক্তি নিয়ে ডি-এইট'র বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়া এবং জনগণের উন্নত জীবনমান নিশ্চিত করার সামর্থ্য রয়েছে। বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্পায়নে সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, পরিবহণ, জ্বালানি ও খনিজ সম্পদ- এ পাঁচটি ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিল্পায়নের বিকাশে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডি-এইটের সদস্যদের মধ্যে আস্থা ও অংশিদারিত্ব বাড়িয়ে বেসরকারি খাতের বিকাশের অনুকূল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৩০ ঘ.