২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ডেকে যাচ্ছি, সাড়া নেই: সিইসি

বিএনপিকে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতে তিন দফা আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে সিইসি এ টি এম শামসুল হুদা বলেছেন, বিএনপিকে ডেকে যাচ্ছি, কিন্তু সাড়া নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতে তিন দফা আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে সিইসি এ টি এম শামসুল হুদা বলেছেন, বিএনপিকে ডেকে যাচ্ছি, কিন্তু সাড়া নেই। সংলাপে আসার বিষয়ে ইসি বারবার উদ্যোগ নেওয়ার পরও বিএনপি'র পক্ষ থেকে সাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেন সিইসি। তিনি বলেন, "সংলাপের জন্য তো দুই পক্ষকে কথা বলতে হবে। সমস্যা সমাধানে এই একটা জিনিসের বাইরে আর কিছু নেই। মুখোমুখি হতে হবে, কথা বলতে হবে। আমরা তো ডেকে যাচ্ছি। কিন্তু এখনো কোনো সাড়া নেই।" আগামী ২০ জুলাই ইসির সংলাপে বিরোধী দল আসবে বলে এখনো আশাবাদী বলে জানান সিইসি। বৃহস্পতিবার বিকালে কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে এ কথা বলেন শামসুল হুদা। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বিদ্যমান রাজনৈতিক মেরুকরণে বিরোধী দলকে সম্পৃক্ত করে আস্থা বাড়ানোর অনুরোধ জানান। তিনি বলেন, "নির্বাচন কমিশন আগ্রহী ও সক্রিয় হলে পূর্ণাঙ্গ রাজনৈতিক অঙ্গনে আস্থার সংকট দূর করা সম্ভব।" সিইসি বলেন, "আমরা চেষ্টা করেছি। আর তো কিছু করতে পারি না। আমরা আশা করছি, তারা আসবে।" আগামী ১৯ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ২০ জুলাই বিরোধী দল বিএনপির সঙ্গে সংলাপসূচি রয়েছে নির্বাচন কমিশনের। ইসির ধারাবাহিক সংলাপে সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সঙ্গে মত বিনিময় হয়। এ সময় সিইসি জানান, নির্বাচন কমিশন স্বাধীন হলেও এখনো আমলাতান্ত্রিক বলয়ে কাজ চালাতে হয়। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে আদালতকেও সহায়তা করতে হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফল গেজেটে প্রকাশ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসির পরামর্শ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রথম ধাপে স্থানীয় নির্বাচনে ইভিএম চায় দুই দল কল্যাণ পার্টির চেয়ারম্যান ইবরাহীম বলেন, "ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খুবই ভালো উদ্যোগ। নির্বাচনে এর ব্যবহারের জন্য চায় ব্যাপক জনসচেতনতা। প্রথম পর্যায়ে স্থানীয় নির্বাচনে ও জাতীয় নির্বাচনে ছোট পরিসরে ইভিএম ব্যবহার করা যেতে পারে। একাদশ সংসদ নির্বাচনে পুরোদমে ইভিএম ব্যবহারের পক্ষে আমরা।" ইভিএম নিয়ে বিতর্ক শুরু হয়েছে উল্লেখ করে পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচনে তা ব্যবহারের মত দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। নির্বাচনী আইনে সংস্কার, জনতহবিল বরাদ্দ, সীমানা নির্ধারণ আইন ও বিধি এবং নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে দুই দলের সমর্থন রয়েছে। সংলাপের দুই পর্বেই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত, বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৩ ঘ.