ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশের সঙ্গে বিরোধীদলীয় প্রধান হুইপের 'ধস্তাধস্তির' ঘটনা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে 'সঠিকভাবে' প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, "চ্যানেলগুলোতে পুরো ঘটনা দেখানো হয়নি। জয়নুল আবদিন ফারুকের শরীর থেকে কীভাবে পোশাক খোলা হলো- তা না দেখিয়ে বারবার শুধু তার খালি শরীর দেখানো হয়েছে।"
বিএনপি ও জামায়াতের ডাকে টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন ৬ জুলাই সকালে জাতীয় সংসদ এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় ফারুকের গায়ে থাকা টিশার্ট খুলে ফেলা হয়। ওই অবস্থাতেই বিএনপির প্রচার সম্পাদক ফারুককে পিটুনি দেয় পুলিশ।
সাহারা বলেন, "কোন পরিস্থিতিতে এ অবস্থা হয়েছে তা দেখানো হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ফারুক চড়াও হয়েছিলো- সেটিও দেখানো হয়নি।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যেভাবে পুলিশ কর্মকর্তাদের মারা হয়েছিলো, এর পুরো ভিডিওচিত্র গণমাধ্যমে দেখানো হলে জনগণ ঘটনার প্রকৃত রূপ বুঝতে পারতো।"
রাজনীতিবিদরা পুলিশকে প্রহার করতে পারে না- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, "বিগত সরকারের আমলে মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, আহসান উল্লাহ মাস্টারকে পুলিশ আঘাত করেছিলো, তবে তারা পাল্টা আঘাত করেননি। পুলিশের আঘাতে আমার পা ভেঙে গিয়েছিলো।"
মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা অপরাধ। কিন্তু এসব বিষয়ে সব রাস্তায় নজরদারি করার জন্য পর্যাপ্ত পুলিশ নেই।
ট্রাকে যাতে মানুষ পরিবহন করা না হয় এবং সড়ক দুর্ঘটনা রোধে যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
গত ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে একটি মিনিট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে ৪৩ শিক্ষার্থীসহ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ
bdnews24