ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের নতুন কমিটির নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে নির্ধারিত সময়ে দেখা করতে যেতে পারেননি। বঙ্গবন্ধু ভবনেও গেছেন দেরিতে। এ জন্য ঘুমকেই দায়ী করলেন নতুন নেতারা।
সোমবার মধ্যরাতে কাউন্সিলে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি হয়েছেন এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম।
প্রথা অনুযায়ী কমিটি গঠনের পর ভোরেই ছাত্রলীগ নেতাদের বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা ছিলো। আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে থেকে সাংবাদিকদের জানানো হয়েছিলো, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ছাত্রলীগ নেতারা দেখা করতে যাবেন।
সকালে সাংবাদিকরা গণভবনে আধা ঘণ্টা থাকলেও ছাত্রলীগের নতুন নেতাদের দেখা যায়নি। গণভবনে তখন শেখ হাসিনা ছিলেন। সাংবাদিকরা গণভবন ছাড়ার সময় প্রধানমন্ত্রীর এক সহকারী সাংবাদিকদের বলেন, তারা (ছাত্রলীগ নেতারা) রাত পর্যন্ত কাউন্সিল করে ঘুমিয়ে পড়েছিলো। সময় মতো উঠতে না পারায় আসতে পারেনি।
বিষয়টি স্বীকার করলেন নতুন কমিটির নেতারাও। ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন কমিটি ফুল দিয়েছে সকাল সাড়ে ১০টায়। বরাবর ভোরেই এ কর্মসূচি পালন করা হতো।
প্রধানমন্ত্রীর সঙ্গে সময়মতো দেখা না করতে পারার কারণ জানতে চাইলে সভাপতি সোহাগ প্রথমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রীর একটি রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি পরিবর্তন করা হয়েছে।"
কিন্তু প্রধানমন্ত্রীর অপেক্ষায় থাকার কথা জানানো হলে তিনি বলেন, "দেখুন, সোমবার গভীর রাত পর্যন্ত সম্মেলন চলেছে। নেতাকর্মীরা ক্লান্ত। তাই সকালে সবাইকে একত্রিত করা সম্ভব হয়নি। এ কারণে যথাসময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানো যায়নি।"
"প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে। সৌজন্য সাক্ষাতে তাদেরও যাওয়ার কথা ছিলো", বলেন নতুন সভাপতি।
তবে বিকাল ৫টায় নতুন কমিটি আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে সদ্য বিদায়ী দুই নেতাকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে ফোন করা হলেও তারা তা ধরেননি।
সাধারণ সম্পাদক নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টিকে ভিন্নভাবে দেখার কিছু নেই। নেতাকর্মীরা ক্লান্ত থাকায় সকালে একত্রিত হতে পারেনি। তারা রাত আড়াইটার দিকে সম্মেলনস্থল থেকে বাসায় ফিরেছে।"
নতুন নেতৃত্ব বঙ্গবন্ধু ভবনে ফুল দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যায়। কাউন্সিলে ভোটাভুটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাসুদ-রাহাত প্যানেলের নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসইউএম/সিএস/এমআই/১৪২৮ ঘ.
bdnews24