২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নেতা-কর্মীদের নির্যাতনের নিন্দা রিজভীর

বিএনপির মিত্র হিসেবে পরিচিত ১১টি দলের ডাকা ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে পুলিশ ও 'আওয়ামী লীগের সন্ত্রাসীদের' নির্যাতনের নিন্দা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম)- বিএনপির মিত্র হিসেবে পরিচিত ১১টি দলের ডাকা ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে পুলিশ ও 'আওয়ামী লীগের সন্ত্রাসীদের' নির্যাতনের নিন্দা জানিয়েছে বিএনপি। রোববার রাতে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এই নিন্দা জানান। তিনি বলেন, "ইসলামী ১২ দলের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে। এই হরতালের সময়ে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর রাম রাজত্ব চালিয়েছে। অনেক স্থানে ওলামা মাশায়েখ পরিষদের নেতাসহ কর্মীরা গ্রেপ্তার ও আহত হয়েছেন। আমরা সরকারের এহেন দমননীতির নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।" সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেওয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির সমমনা বলে পরিচিত ১১টি দল। গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম সড়কের কাঁচপুর, নারায়ণগঞ্জে হরতাল চলাকালে পুলিশের উপিস্থিতিতে ২০০৭ সালের মতো আওয়ামী লীগের সন্ত্রাসীরা হরতাল আহবানকারী উলামা মাশায়েখ ও মাদ্রাসার নেতা-কর্মীদের ওপর লঠি-বৈঠার মতো হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা লঠি- বৈঠা নিয়ে নিরীহ মানুষজনকে পিটিয়েছে। দোকান ভাংচুর করেছে। এ হরতালে ওলামা মাশায়েখ পরিষদের নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও তাদের মুক্তি দাবি করেন রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩০ ঘ.