ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই সময়ের ছাত্র নেতাদেরকে জাতীয় রাজনীতিতে সঠিকভাবে মূল্যায়নের দাবি জানিয়েছেন ছাত্রলীগের বর্তমান কমিটির নেতারা।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের ২৭ তম জাতীয় সম্মেলনে তারা এ দাবি জানান।
তারা ছাত্র রাজনীতিতে অছাত্রদের অবস্থান করে দেওয়ারও সমালোচনা করেন।
সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি গোলাম সারওয়ার কবির প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবেন।
বয়সের কথা বলে সদ্য বিদায়ী ছাত্র নেতাদের বিভিন্ন সংগঠনে সঠিকভাবে মুল্যায়ন করা হয় না বলে অভিযোগ করেন তিনি।
কবির বলেন, আগে যারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ছিলেন এখন তাদের অধিকাংশকেই জাতীয় রাজনীতিতে আর দেখা যায় না।
ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ছাত্রলীগের বর্তমান কমিটির কার্যক্রমের মূল্যায়নে বলেন, এ কমিটির মেয়াদে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে আমরা কাউকে ছাড় দিইনি।
সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি হাসানুজ্জামান লিটন এবং কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ও সহ-সভাপতি আওলাদ হোসেন তিতু বক্তব্য রাখেন।
এছাড়া শোক প্রস্তাব রাখেন দফতর সম্পাদক নাসিম আল মোমিন রূপক। শোক প্রস্তাবের পর শহীদ ও নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২১৪১ ঘ.
bdnews24