২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ পিকেটারকে সাজা

হরতালে পিকেটিং করার অপরাধে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্য একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পিকেটিং করার অপরাধে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্য একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার সকালে পিকেটিং করার সময় বন্দর থানাধীন সিইপিজেড এলাকা থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল এক জোট হয়ে ৩০ ঘণ্টা এবং আলাদাভাবে রোববার পূর্ণদিবস হরতাল ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সমর্থন দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রেজাউর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দুই থেকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল শিকদার (২১), আব্দুর রহিম (২৮), মোরশেদুল হক (২৪), রাসেল (২৩), আল আমীন (২৫), আজিজুর রহমান (২৯), ইব্রাহিম (২২), মাহবুবুর রহমান (১৯), শাহ আলম এবং আমিরুল ইসলাম। এছাড়া বশির আহমদ নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৯টার মধ্যে নগরীর চান্দগাঁও, ডবলমুরিং এবং বন্দর থানা এলাকা থেকে মোট ৪৭ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে ১৫ জন, ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট থেকে ১৬ এবং বন্দর থানাধীন সিইপিজেড এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে, রোববার সকাল থেকে চট্টগ্রাম নগরীতে প্রায় সব ধরনের গাড়ি চলাচল করলেও সংখ্যায় স্বাভাবিকের চেয়ে কম ছিলো। তবে দুপুর ২টা থেকে নগরীর বেশিরভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল