ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২টি দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিন ছিলো নিরুত্তাপ। তবে হরতালকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ও কাচপুরে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত কয়েকটি ইসলামী দলগুলো রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ডাক দিয়েছে।
ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে পুলিশের বাধায় হরতালকারীরা মিছিল নিয়ে নামতে পারেনি। অনেক জেলায় হরতাল হয়নি বললেই চলে। অফিস-আদালত খোলা থাকলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছিলো বন্ধ।
দূরপাল্লার বাস তেমন একটা না চললেও ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরের ভেতরে বাস চলেছে। প্রাইভেট গাড়ি ছাড়া অন্য গাড়ির সংখ্যাও ছিলো অন্য হরতালের তুলনায় বেশি। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিলো স্বাভাবিক।
ইসলামী সংগঠনগুলোর দাবি, হরতালে তাদের দেড় হাজারের বেশি নেতা-কর্মী আটক হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নেজামউদ্দিনও রয়েছেন।
হরতালে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থন থাকলেও রাজপথে সক্রিয় ছিলো না দল দুটির।
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের হরতাল শুধু রোববার, অন্য ১১টি দলগুলোর কর্মসূচি চলবে সোমবার দুপুর ১২টা পর্যন্ত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে হরতাল আহ্বানকারী অন্য ১১টি দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি।
তারা সংবিধান সংশোধন নিয়ে আপত্তি জানালেও সরকার বলছে, এ হরতাল অযৌক্তিক। কারণ সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ' এখনো বহাল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে অবস্থান নেয় ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের কয়েক হাজার কর্মী। পুলিশ সেখানে গেলে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে মারধর করে হরতালকারীরা। লাঠিসোঁটা নিয়ে কয়েকহাজার মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানের নেতৃত্বে পুলিশের ১২ সদস্যের একটি দল পঞ্চবটিতে ছিলো। সকাল ৭টার দিকে দলে ভারী হয়ে হরতালকারীরা তাদের ঘিরে ফেলে। ওই সময় সহকারী উপপরিদর্শক আনোয়ারের একটি পিস্তল ও কনস্টেবল কবীরের একটি শটগান খোয়া যায়।
এর আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করতে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে সংঘর্ষ বেঁধে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক সাংবাদিকদের বলেন, "পঞ্চবটিতে পুলিশের একটি দলকে হরতাল সমর্থকরা ঘিরে ফেলায় তারা অবরুদ্ধ হয়ে পড়ে। তারা মূল দল থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়। তবে আমরা সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করে তাদের উদ্ধার করি।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬০ রাউন্ড রবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে ওসি জানান।
পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, হরতালকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ জানায়। এতে তারা বেপরোয়া হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত ১২টি গাড়ি ভাংচুর হয়। আহত হয় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান, ওসি আইনুল হক, কনস্টেবল কবীরসহ ১২ পুলিশ সদস্য, একুশে টেলিভিশনের চিত্রগ্রাহক রবিউল ইসলাম, বাংলাভিশনের চিত্রগ্রাহক পথিক জুলহাসসহ অর্ধশতাধিক। পুলিশ কর্মকর্তা সাইদুর, আনোয়ার ও কনস্টেবল কবীরকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পঞ্চবটিতে ছত্রভঙ্গ হওয়ার পর সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় অবরোধ সৃষ্টি করে হরতালকারীরা। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর পুলিশ তাদের খোয়া যাওয়া অস্ত্রের সন্ধানে অভিযান শুরু করে। সকাল ১১টায় ফতুল্লার লালপুর এলাকার একটি টিনের ঘরের চালায় শটগানটি পাওয়া যায় বলে ওসি জানান। পিস্তলটি উদ্ধার করা হয় ফতুল্লার একটি বাাড়ির বাথরুম থেকে। ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাগর (১৮) নামে এক তরুণকে।
পঞ্চবটিতে সংঘর্ষের পর নয় জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- তাইজুল, খালেক, মুসা, মোস্তফা, চাঁন মিয়া, ফজলুল হক মানিক, ইসমাইল, আখতারুজ্জামান ও আবু সাইয়ীদ। তবে এর অধিকাংশই নিরীহ বলে স্থানীয়রা বলছে।
সোনারগাঁও থানার কাচপুরে সকালেই কয়েক হাজার হরতালকারী লাঠিসোঁটা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে রাখে।
সকাল পৌঁনে ৯টার দিকে হরতালকারীরা শিমরাইল মোড়ের দিকে এগিয়ে ট্রাক স্ট্যান্ডে হামলা চালায়। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেনের প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি ভাংচুর হয় সেখানে।
ওই সময় আওয়ামী লীগ সমর্থক নূর হোসেনের অনুসারীরা হরতাল সমর্থকদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে পুলিশও হরতালকারীদের লাঠিপেটা শুরু করে। পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাসও ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিমরাইল মোড় মাদানীনগর মাদ্রাসার সামনে তোফায়েল (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তোফায়েল মাদানী নগর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পাজামা ও পাঞ্জাবি তৈরির দোকান এমএস টেইলার্সের কর্মচারী বলে স্থানীয়রা জানিয়েছে।
তোফায়েলসহ ২০ জন আহত হয় সেখানে। তোফায়েল পুলিশের গুলিতে আহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা তা স্বীকার করেননি।
সংঘর্ষস্থল থেকে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। তারা হলেন- আব্দুল আজিজ (৩০), মাইনউদ্দিন (২১), ওমর ফারুক (২৩), রাহেদুল ইসলাম (৩৮), খালেদ সাইফুল্লাহ (২৭), আল আমিন (২২), আবুল কালাম (৫০) ও ফরিদ শেখ(২২)।
হরতালকারীদের অভিযোগ, পুলিশ ও সরকার সমর্থকরা মিলে তাদের পিটিয়েছে।
সিদ্ধিরগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "হরতালের নামে কেউ যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, তা দেখার দায়িত্ব পুলিশের। তবে পুলিশের সঙ্গে হরতালবিরোধীরা হরতালকারীদের বাড়ি থেকে ধরে এনে পেটায়নি।"
নারায়ণগঞ্জের বাইরে চাঁদপুরে ইসলামী আন্দোলনের জেলা শাখার যুগ্ম সম্পাদক ইয়াসিন খানসহ নয় জনকে আটক করেছে পুলিশ। আটক হয়েছে চট্টগ্রামে ৪৭ জন, খুলনায় ৩০ জন, নরসিংদীতে ৩৩ জন, পাবনায় ১৭ জন, সিরাজগঞ্জে ১১ জন, সাভারের আশুলিয়ায় দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24