ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী দলগুলোর ৩০ ঘণ্টা হরতালের সমালোচনা করে ঘুষ ও দুর্র্নীতিবাজদের অর্থে ইসলামের নামে রাজনীতি করা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে রোববার দুপুরে ছাত্রলীগের ২৭তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
হাসিনা বলেন, "ঘুষ ও দুর্র্নীতির অর্থ নিয়ে যারা রাজনীতি করে, তাদের টাকা দিয়ে ইসলামের নামে রাজনীতি করছেন কেন- এটা আমার প্রশ্ন। আপনারা বিসমিল্লাহর মাঝে আল্লাহকে খুঁজে পেলেন না? আর হরতালের মাঝে আল্লাহকে খুঁজে পেলেন?"
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেওয়ার প্রতিবাদে এ হরতাল ডেকেছে ১১টি ইসলামপন্থী দল। বিএনপি ও জামায়াতে ইসলামী ১১ দলের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে।
দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের জন্য কতটুকু করতে পারলাম- তাতেই আমরা বিশ্বাস করি। আমরা দেশের মানুষকে দিতে এসেছি, শোষণ করতে আসিনি।"
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে হাসিনা বলেন, "অনেক কাজ দ্রুত হয় না। কিছুটা সময় লাগে। জাদু দিয়ে তো কোনো কাজ হয় না। অনেকে লিখে ফেলেন- এটা হলো না, ওটা হলো না। যারা দায়িত্বে থাকেন, তারা বোঝেন।"
স্বাধীনতাবিরোধীদের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও আহবান জানান তিনি।
আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারের সময়েই দেশের উন্নতি হয়নি- এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের ৪০ বছরে অধিকাংশ সময় যারা ক্ষমতায় ছিলো, তাদের সময়ে কোনো উন্নতি হয়নি। স্বাধীনতা যেনো অর্থবহ হতে না পারে- সে ব্যবস্থা করা হয়েছিলো। স্বাধীনতাবিরোধীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিলো।"
শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অর্জন তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/১৭৩৭ ঘ.
bdnews24