২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ বিশ্বাসঘাতকও জন্ম দিয়েছে: আশরাফ

ছাত্রলীগ থেকে বীরের মতো বিশ্বাসঘাতকেরও জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির এক সময়ের নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ থেকে বীরের মতো বিশ্বাসঘাতকেরও জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির এক সময়ের নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ছাত্রলীগের ২৭তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জরুরি অবস্থায় শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করে আশরাফ একইসঙ্গে বলেন, "ছাত্রলীগ নামধারী কিছু লোক সে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিলো। এর সবই সে সময় বিশেষ আদালতে বসে আমাদের সভানেত্রী শুনেছিলেন। ছাত্রলীগ যেমন বীরের জন্ম দিয়েছে। তেমনি বিশ্বাসঘাতকেরও জন্ম দিয়েছে।" সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে ছাত্রলীগে শিবিরকর্মী ঢুকে পড়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছিলেন। গত বছরের ১৭ জুলাই দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি বলেছিলেন, ছাত্রলীগের কোন কোন কমিটিতে শিবির ঢুকেছে, এর তদন্ত করে তালিকা করা হচ্ছে। অচিরেই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দ আশরাফ দাবি করেন, ১/১১-র পর শেখ হাসিনার মুক্তি আন্দোলন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হয়েছিলো। শাহবাগে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। তবে জাতীয় রাজনীতিতে ছাত্রলীগের অনেক অবদান রয়েছে বলে মনে করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ। "আজকে যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমি যে বক্তব্য দিচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হয়েছেন- আমাদের সবার রাজনীতি শুরু এই সংগঠনের মাধ্যমে। সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ মুখ্য ভূমিকা পালন করেছে", যোগ করেন তিনি। 'গুটিকয়েক টেন্ডারবাজের কাছে ছাত্রলীগ জিম্মি থাকতে পারে না' দরপত্র সন্ত্রাসে ছাত্রলীগের জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, "গুটিকয়েক টেন্ডারবাজের কাছে ছাত্রলীগ জিম্মি থাকতে পারে না।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য রোববার ছাত্রলীগের সম্মেলনের আরো বলেন, দিন-বদলের কর্মসূচি বাস্তবায়নের উপযোগী শক্তি হিসাবে ছাত্রলীগ কাজ করতে চায়। কারো নাম উল্লেখ না করে কাদের বলেন, "শেখ হাসিনার ক্ষতি করতে গিয়ে দেশটার ক্ষতি করবেন না। আমরা আর সন্দেহের দেয়াল উঁচু করতে চাই না।" শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, "যারা খারাপ ইমেজ সৃষ্টি করে, তাদের নেতৃত্বে রাখা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এএল/এমআই/১৬৫৫ ঘ.