ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্যাগ স্বীকারের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন শেখ হাসিনা। একইসঙ্গে হুঁশিয়ার করলেন, বিপথে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। আওয়ামী লীগ বর্তমান মেয়াদে ক্ষমতায় যাওয়ার সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগই প্রথম সম্মেলন করছে।
সরকার গড়ার শুরুতেই ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে বিব্রত হতে হয়েছিলো আওয়ামী লীগকে। এক পর্যায়ে ছাত্রলীগের সাংগঠনিক প্রধানের দায়িত্বও ছেড়ে দেন শেখ হাসিনা।
তবে সম্মেলনে বক্তব্যে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আস্থাই প্রকাশ করলেন আওয়ামী লীগ সভানেত্রী। ৬২ বছর বয়সি সংগঠনটির নেতিবাচক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকেও 'বিভ্রান্তিকর' বলে মন্তব্য করেন তিনি।
হাসিনা বলেন, "ছাত্রলীগের ওপর আমার বিশ্বাস ও আস্থা আছে। যারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতেও কেউ বিপথে গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
ছাত্রলীগ নেতা-কর্মীদের ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, হীরা-জহরত নিয়ে কেউ কবরে যেতে পারে না। অসৎ উপায়ে অর্থ অর্জন করলে সুনাম আর অল্লাহর আশির্বাদ নিয়ে কেউ যেতে পারে না।
বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান তুলে ধরে সংগঠনটিতে নবীন নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দেন হাসিনা। ছাত্রলীগ নেতাদের পাঠে মনোযোগী হওয়ার পরামর্শও দেন তিনি।
দুই বছর অন্তর সম্মেলন হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের এবারের সম্মেলন হচ্ছে পাঁচ বছরের বেশি সময় পর।
এ বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "এই সম্মেলন হতে দেরি হয়েছে, এটা আমি জানি। কারণ অনেক ঘাত-প্রতিঘাত এসেছিলো। দু'বছর তো রাজনীতিই বন্ধ ছিলো।"
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন হাসিনা।
এরপর ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদতক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদও যোগ দেন অনুষ্ঠানে।
ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, আখম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহমান, মাইনুদ্দীন হাসান চৌধুরী, এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, ইকবালুর রহিম, বাহাদুর বেপারী, অজয় কর খোকন, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
সম্মেলনে কাউন্সিল অধিবেশনে পরবর্তী সময়ের কর্মসূচি ও নেতৃত্ব নির্বাচন করবে ছাত্রলীগ।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি' এ তিন মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু ছাত্রলীগের। স্বাধীনতার আগে ছাত্র আন্দোলনে নেতৃত্বের কাতারে ছিলো সংগঠনটি।
স্বাধীনতার পর '৯০ এর গণআন্দোলন পর্যন্ত এ ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এরপর সন্ত্রাস-চাঁদাবাজিসহ নানা কার্যক্রমে নেতাদের জড়িত থাকার অভিযোগ ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/১৬২৫ ঘ.
bdnews24