ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে হরতালের মধ্যেও সরগরম এখন শেরেবাংলা নগর।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকাল সোয়া ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এক সময় ছাত্রলীগের সাংগঠনিক প্রধান হলেও আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরপরই সন্ত্রাস ও চাঁদাবাজিতে সংগঠনটির নেতা-কর্মীদের জড়িয়ে পড়ায় বীতশ্রদ্ধ হয়ে ২০০৯ সালের এপ্রিল মাসে সে পদ ছেড়ে দেন তিনি।
পাঁচ বছরের বেশি সময় পর রোববার ছাত্রলীগের এবারের সম্মেলন হচ্ছে। সম্মেলনে মাধ্যমে নতুন কর্মসূচি ও নেতৃত্ব ঠিক করবে অর্ধশত বছর পুরনো এ সংগঠন।
আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাওয়ার পর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগই প্রথম সম্মেলন করছে।
সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত বলে শনিবারই জানিয়েছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাসানুজ্জামান লিটন।
ইসলামী দলগুলোর হরতালের মধ্যেও রোববার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বাসভর্তি হয়ে সম্মেলনস্থলে আসেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। মটর সাইকেল মিছিলও আসে অনেকগুলো।
ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে সম্মেলন মঞ্চে রয়েছেন তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, আখম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহমান, মাইনুদ্দীন হাসান চৌধুরী, এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, ইকবালুর রহিম, বাহাদুর বেপারী, অজয় কর খোকন, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের আগের সম্মেলনে মাহমুদ হাসান রিপনকে সভাপতি এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলে আংশিক কমিটি ঘোষণা হবে সোমবার। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে আরো কয়েকদিন সময় লেগে যাবে।"
১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি' এ তিন মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু ছাত্রলীগের। স্বাধীনতার আগে ছাত্র আন্দোলনে নেতৃত্বের কাতারে ছিলো সংগঠনটি। স্বাধীনতার পর '৯০ এর দশক পর্যন্ত এ ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এরপর ধীরে ধীরে তা ম্রিয়মান হয়ে পড়ে।
বিভিন্ন ধরনের অপরাধে ছাত্রলীগ নেতা-কর্মীদের জড়িয়ে পড়া নাজুক হয়ে পড়ে সংগঠনের ভাবমূর্তি। এমনকি এ সরকারের শুরুতে তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পর্যন্ত বলেছেন, ছাত্রলীগের অপকর্মের দায় আওয়ামী লীগ নেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24