২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বাধ্য করা হয়েছে: ফখরুল

বিকল্প কর্মসূচি পালনে বাধার কারণে বাধ্য হয়ে হরতাল দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্প কর্মসূচি পালনে বাধার কারণে বাধ্য হয়ে হরতাল দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপিসহ চারদল। বৃহস্পতিবার ছিলো হরতালের দ্বিতীয় দিন। শুক্রবার সকাল ৬টায় হরতাল শেষ হবে। হরতালে জনদুর্ভোগের কথা স্বীকার করে ফখরুল বলেন, "আমরা জানি- এতে জনগণের কষ্ট হয়। কিন্তু সরকার আমাদের কোনো বিকল্প কর্মসূচি করতে দিচ্ছে না বলেই হরতাল দিতে বাধ্য হচ্ছি।" হরতাল কর্মসূচি সফল হয়েছে দাবি করে এজন্য জনগণকে ধন্যবাদ জানান তিনি। ফখরুল বলেন, "এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি চলবে। নতুন কর্মসূচি শুক্রবার জানানো হবে।" ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা এবং দুর্নীতি থেকে খালেদা জিয়ার দুই ছেলেকে বাঁচানোর জন্য এই আন্দোলন হচ্ছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যের জবাবে তিনি বলেন, "এসব পুরনো রেকর্ড। এভাবে বিভ্রান্তি সৃষ্টি করে লাভ হবে না। জনগণ সরকারের পুরনো কৌশল বুঝে গেছে।" বুধবার সংসদে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন। বিএনপি দেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য প্রসঙ্গেও প্রায় একই মন্তব্য করেন বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব। "এটা আওয়ামী লীগের পুরনো রেকর্ড। এ নিয়ে আর কথা বলতে চাই না। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। এই দলের বেশিরভাগ নেতাই সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন।" হরতালে গ্রেপ্তার সাড়ে পাঁচশ' মির্জা ফখরুল বলেন, হরতালে ৩৬ ঘণ্টায় সারাদেশে সাড়ে পাঁচশ' নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহতের সংখ্যা ছয়শ' ৭৫ জন। এর মধ্যে বুধবার হরতালের প্রথম দিনে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে সাড়ে পাঁচশ'। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের সাজা প্রত্যাহারের দাবিও জানান তিনি। ব্রিফিংয়ে রাজধানী ঢাকাসহ, বিভিন্ন জেলায় গ্রেপ্তারকৃতদের তালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে হরতালের আগে গ্রেপ্তারকৃত ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক, সাংংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনসহ দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল। 'গ্রেপ্তারে নেমেছে রোবট বাহিনী' নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের অবস্থা বর্ণনা করে তিনি বলেন, "কার্যালয়ের সামনের অবস্থা দেখলে মনে হচ্ছে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখানে পুলিশ আমাদের অবরুদ্ধ করে রেখেছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পর্যন্ত পালন করতে পারছি না। তারা আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তারে নতুন বিশেষ বাহিনী নামিয়েছে, যার নাম শুনেছি রোবট বাহিনী। এরা কেবল রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করবে।" সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহানগরের সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, মাহবুবুল হক নান্নু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/২০১৩ ঘ.