২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের ঘটনা তদন্তের কমিটি প্রত্যাখান বিএনপি'র

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি প্রত্যাখান করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি প্রত্যাখান করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটিকে 'উদ্দেশ্যে প্রণোদিত' অভিহিত করে তা প্রত্যাখান করেন। তিনি বলেন, পুলিশের পৈশাচিক নির্যাতনে সংসদীয় তদন্ত কমিটি গঠনের জন্য আমরা স্পিকারের কাছে আহবান জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি উদ্দেশ্যপ্রণোদিত। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান ওই ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৫ ঘ.