ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের প্রথম দিন রাজধানীসহ সারাদেশে দলের চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এ পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সারাদেশে চার শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত হয়েছে সাড়ে পাঁচশ'।"
গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি এবং ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের সাজা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
মির্জা ফখরুল ব্রিফিংয়ে রাজধানী ঢাকাসহ নেত্রকোনা, নারায়ণগঞ্জ, বগুড়া, নরসিংদী, বরিশাল, ঝালকাঠি, নওগাঁ, দিনাজপুর, পিরোজপুর, খুলনা, লক্ষীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়াসহ সারাদেশে গ্রেপ্তারদের তালিকা তুলে ধরেন।
তিনি বলেন, বুধবার রাজধানীতে মহানগরে মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, যুবদলের মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনুসহ শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
একই সঙ্গে হরতালের আগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।
২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার বিষয়টিকে এড়াতে বিরোধী দল হরতাল দিয়েছে- আওয়ামী লীগের এরকম অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, "জনগণের দৃষ্টিতে অন্যত্র ফেরাতে সরকারি দলই এই অপপ্রচার চালাচ্ছে। এটা তাদের একটি কৌশলমাত্র। আমরা জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য এই হরতাল ডেকেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। এজন্য হরতাল ডেকেছি।"
হরতালে জনগণের দুর্ভোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বৃহত্তর স্বার্থে জনগণ এটা মেনে নেবে বলে আমাদের বিশ্বাস রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24