ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায় বলে দাবি করেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তাকে বুট দিয়ে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।
বিএনপিসহ চার দলের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকাল ৭টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পুলিশি হামলার মুখে পড়েন ফারুক।
আহত ফারুককে প্রথমে মানিক মিয়া এভিনিউর সংসদ সদস্যদের আবাসে (ন্যাম ফ্ল্যাটে) নেওয়া হয়, সেখান থেকে তাকে সংসদ ভবনের অ্যাম্বুলেন্সে করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার বাসায় ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিসহ অন্য এমপিরা সংসদ ভবনের সামনে দিয়ে হাঁটছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই এক দল পুলিশ আমাদের ওপর হামলা চালায়। কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমাকে লক্ষ্য করেই পুলিশ মারপিট করে।"
"ওরা আমাকে বুট দিয়ে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। মাথা এবং পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। সারা শরীরেই ব্যথা। কোন দেশে আমি আছি?", পুলিশ নির্যাতনের বর্ণনা দেন তিনি।
কথা বলার সময় ফারুকের গায়ে কোনো জামা ছিলো না, শরীর ছিলো রক্তাক্ত। মাথা ফেটে রক্ত বের হচ্ছিলো। একবার বমি হয়েছে বলেও জানান বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
বিএনপির সংসদ নিলুফার চৌধুরী মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ৩০ জন সংসদ সদস্য হাঁটার সময় হঠাৎ করেই একদল পুলিশ তেড়ে এসে অশালীন গালাগালি শুরু করে।
"এক পুলিশ কর্মকর্তা 'অ্যাকশন' বলার সঙ্গে সঙ্গেই পুলিশ পেছন দিক থেকে হামলা করে। আমরা ন্যাম ভবনে আশ্রয় নিলে পুলিশ সেখানেও হামলা চালায়", বলেন তিনি।।
ফারুক বলেন, "আপনারা দেখবেন, ন্যাম ফ্ল্যাটের লিফটের কাছেও রক্ত লেগে আছে। তারা সেখানে এসেও আমাকে মেরেছে।"
ফারুকসহ অন্যরা একতরফাভাবে পুলিশকে দায়ী করলেও পুলিশ কর্মকর্তারা বলছেন, বিএনপির সংসদ সদস্যরা বাস লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ তৎপর হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুকের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদের সঙ্গে তর্কাতর্কি ও পরে ধস্তাধস্তি হয়। এর পরপরই পুলিশ লাঠিপেটা করে ফারুককে।
টেলিভিশনের চিত্রে পুলিশ কর্মকর্তা হারুণকে ফারুকের ওপর লাফিয়ে পড়তে দেখা যায়। হারুণ জানান, ধস্তাধস্তির এক পর্যায়ে পড়ে যান ফারুক। তিনিও আহত হন।
হাতে ব্যান্ডেজ মোড়ানো হারুণ সাংবাদিকদের বলেন, বারণ করা সত্ত্বেও বিএনপির সংসদ সদস্যরা বাস লক্ষ্য করে ইট ছোড়েন। এমনি ফারুক নিজেও ইট ছোড়েন।
"তাদের এ ধরনের কাজ না করার অনুরোধ জানানো হলে বিরোধীদলীয় প্রধান হুইপ আমাদের অকথ্য ভাষায় গাালাগালি করেন। এক পর্যায়ে আমার ওপর চড়াও হন তিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি পড়ে যান", বলেন তিনি।
ফারুক পড়ে গিয়ে আহত হতে পারেন বলে জানান পুলিশ কর্মকর্তা হারুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআই/এমআই/১১১৫ ঘ.
bdnews24